বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে: রফিকুল ইসলাম মিয়া

 
‘‌বিএনপির আন্দোলন সফল হয়েছে-’ দলীয় নেতাদের এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, গত ২৯ ডিসেম্বর ও ৫ জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছিল তা ব্যর্থ হয়েছে। এই কথা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু বিএনপির অনেক নেতাই তা স্বীকার করেন না। তবে আন্দোলন কেন ব্যর্থ হয়েছে ওই বিষয়ে আমি কিছু বলবো না। কারণ ওই বিষয় বললে বিএনপির অনেক নেতাই আমার উপর মনক্ষুণ্ন হবেন।  
শনিবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘গণতন্ত্র পুনর্বহাল-দ্রুত নির্বাচন প্রয়োজন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া বলেন,  সরকার বিরোধী আন্দোলনের কোন বিকল্প নেই। ক্ষমতাসীনদের শত নির্যাতন ও জুলুম সহ্য করেও আন্দোলনকে সফল করতে হবে। একই সাথে আন্দোলনের সকল প্রস্তুতি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।