প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হবে: শিক্ষামন্ত্রী

 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে একশটি উপজেলায় এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
শনিবার বিকেলে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ও মুন্সিগঞ্জের খাহ্রা গ্রামে প্রতিষ্ঠিত আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী এতে সভাপত্বি করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমান বিশ্বের ৭টি উন্নয়নশীল দেশের একটি। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিতে চাই দক্ষ মানব সম্পদ। শিক্ষা হচ্ছে এর প্রধান ধাপ। এর জন্য প্রচলিত শিক্ষা পদ্ধতির পরিবর্তন প্রয়োজন। ইতিমধ্যে এর কার্যক্রম শুরু করা হয়েছে। শিক্ষা পদ্ধতিতে আনা হয়েছে আমূল পরিবর্তন। শিক্ষাকে উদ্বুদ্ধ করতে প্রাথমিক শিক্ষা থেকে বিনামূল্যে বই দেয়া হচ্ছে। মেধাকে বিকোশিত করে করা হয়েছে সৃজনশীল পদ্ধতি। এর সাথে সংঙ্গতি রেখে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। প্রাথমিক পর্যায়ে ১’শ টি উপজেলায় এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ, ঢাকা-১ আসনের এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ফাতেমা খাতুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, বাউবির সাবেক পরিচালক মো. মাশেকুর রহমান খান, কলেজের প্রতিষ্ঠা বার্ষিকির আহ্বায়ক আজিজুর রহমান ফকু প্রমুখ।