বিগ বসে অংশ নেয়ার কথা থাকলেও ভারতেই আসছেন না মার্কিন মডেল কিম কার্দেশিয়ান। ভিসা জটিলতার কারণে ভারত আসা হচ্ছে না কিমের এমন খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাস সময়মত ভিসা প্রদান না করায় তার সফর বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
সালমান খানের উপস্থাপনায় ভারতীয় টিভি চ্যানেল কালারসের রিয়েলিটি শো বিগ বসে অংশ নেয়ার কথা ছিল ৩৪ বছর বয়সী এই মডেলের। এর জন্য প্রতিদিন তিনি ৮৫ লক্ষ রুপি সম্মানী হিসেবে পেতেন। সম্প্রতি 'পেপার ম্যাগাজিন'এর প্রচ্ছদে তাকে নগ্ন অবস্থায় দেখা যায় যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
অ্যামেরিকান রিয়েলিটি শো বিগ ব্রদারের আদলে এই রিয়েলিটি শো-টি চালানো হয়। এখানে প্রতিযোগীদের একসাথে ৯০ দিন ধরে টেলিফোন ও ইন্টারনেট সংযোগবিহীন অবস্থায় একটি বাড়িতে থাকতে হয়। আট বছরে পা দেয়া এই শো-তে এর আগে হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন, ক্রিকেটার অ্যান্ড্রু সায়মনস, পর্ণ মডেল সানি লিওনের মত তারকারা অংশ নিয়েছিলেন।