ডলস হাউজ টু নিয়ে আসছেন মিমি

 
এবার সিক্যুয়াল ডেইলি সোপ ‘ডলস হাউজ টু: সাতটি তারার তিমির’ নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। ৫০০ পবের্র লক্ষ্য নিয়ে ধারাবাহিকটি আগামী ২৯ নভেম্বর এটিএন বাংলায় যাত্রা শুরু করবে। নাটকটি আফসানা মিমির সাথে যৌথভাবে পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাকেশ বসু।
ডলস হাউজ টু’তে নতুন কি থাকছে জানতে চাওয়া হলে আফসানা মিমি জানান, ‘ডলস হাউজের প্রথম পর্ব ছিল নয় বন্ধুর গল্প। সুবর্ণা মোস্তফা, ওয়াহিদা মল্লিক জলি, মিতা চৌধুরী সহ আরও অনেকে অভিনয় করেছিলেন নাটকটিতে। এবার নাটকটি শুরুও হয়েছে অন্যভাবে। এবার থাকছে সাত বন্ধুর গল্প। ছেলেবেলার সাত বন্ধু সময়ের সাথে সাথে একেকজন একেক জায়গায় চলে যায়। কারও কারও বিয়ে হয়ে যায়। এদের একজন বিদেশে চলে যায়। সে বিদেশ থেকে ফিরলে নতুনভাবে শুরু হয় এই সাত বন্ধুর গল্প।’
ডেইলি সোপটিতে এই সাত বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ, স্বর্ণা, টয়া, সানজিদা প্রীতি, মৌটুসি, জয়িতা ও শর্মী। ইতিমধ্যে নাটকটির ৫০ পবের্র চিত্রায়ন সম্পন্ন হয়েছে। নাটকটি এটিএন বাংলায় ২৯ নভেম্বর থেকে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে।
তবে এই ডেইলি সোপটির জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘রান’ এর কাজ আরও পিছিয়ে যাবে জানিয়ে আফসানা মিমি বলেন, ‘ডেইলি সোপটির জন্য ছবিটির কাজ একটু পিছিয়ে যাবে। তবে আশা করছি আগামী বছরের শুরুতে ছবিটির বাকি অংশের কাজ শুরু করতে পারবো।’