হল না পাওয়ায় মুক্তি পেছালো ‘এক কাপ চা’

 
অবশেষে মুক্তি পাচ্ছে নাঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ছবি ‘এক কাপ চা’। মুক্তির নতুন তারিখ অনুযায়ী ছবিটি প্রেক্ষাগৃহে আসছে আগামী ২৮ নভেম্বর।
এর আগে অনেকদিন ধরে ছবিটির মুক্তির কথা শোনা গেলেও নানা কারনে মুক্তি পায়নি ‘এক কাপ চা’। অবশেষে গত ১৪ তারিখ ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। কিন্তু আবারও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ছবিটির পরিচালক নাঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ‘আসলে আমাদের কোন সমস্যা ছিলনা। আমরা জানতাম ‘এক কাপ চা’র সাথে নতুন একটি ছবি প্রেক্ষাগৃহে আসছে। কিন্তু মুক্তির দিন দুই আগে আমরা জানতে পারি যে ‘সর্বনাশা ইয়াবা’ ছবিটিও হলে আসছে যেটা যশোরের চালা সিনেমা হলে আগেই মুক্তি পেয়েছে। এসব নিয়ে নানা জটিলতার কারনে আমাদেরকে বুকিং এজেন্ট থেকে জানায় যে ছবি মুক্তির সপ্তাহ দুয়েক পিছিয়ে দিলে দেশের বড় বড় হলগুলো পাওয়া যাবে। এজন্যই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আর কোন কারণ নেই।’
তবে এবার ছবিটির মুক্তির তারিখ আর বিলম্বিত হবেনা দাবী করে ছবিটির পরিচালক নাঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ‘এবার নিশ্চিত করছি যে ছবিটি নতুন ঘোষণা অনুযায়ী প্রেক্ষাগৃহে আসছে। ইতিমধ্যে দেশের বড় বড় হলগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি। আগামী ২৭ নভেম্বর ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আশা করবো দর্শক আমাদের ছবিটি উপভোগ করবেন।’
উল্লেখ্য বাসু চ্যাটাজির্র কাহিনী ও চিত্রনাট্যে ‘এক কাপ চা’ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমি, ঋতুপর্ণা প্রমুখ।