অবস্থান ধর্মঘট করবে জাতীয় প্রেসক্লাব সদস্যবঞ্চিত ফোরাম

 
সদস্য পদের দাবিতে আগামী ২৬ নভেম্বর অবস্থান ধর্মঘট করবে জাতীয় প্রেসক্লাব সদস্যবঞ্চিত সাংবাদিক ফোরাম। জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অবস্থান ধর্মঘট চলবে ।
জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষনা করা হয়। 
কর্মসূচি ঘোষণা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মন্জূরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান , ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, বাসসের সাবেক ব্যাবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভ’ইয়া, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব মোল্লা জালাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ। 
সমাবেশ পরিচালনা করেন ডিইউজের নির্বাহী সদস্য অমিয় ঘটক পুলক।
মন্জূরুল আহসান বুলবুল বলেন, জাতীয় প্রেসক্লাবে একজন পেশাদার সাংবাদিকের সদস্যপদ পাওয়ার অধিকার রয়েছে। অথচ প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের এই অধিকার থেকে বঞ্চিত করছেন। প্রেসক্লাব কর্তপক্ষের এমন হঠকারী সিদ্ধান্তকে তিনি ধিক্কার জানান।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন, প্রেসক্লাব স্বাধীনতা বিরোধীদের আখরায় পরিণত হয়েছে। এই আখরা ভেঙ্গে পেশাদার সাংবাদিকদের বিচরন ভ’মিতে পরিণত করতে হবে।
তিনি সদস্য বঞ্চিত সাংবাদিকদের দাবি মেনে না নেয়া হলে জাতীয় প্রেসক্লাবের নির্বাচন প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন।
মোস্তাক হোসেন বলেন, সদস্য বঞ্চিত সাংবাদিকদের চলমান আন্দোলন উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রহসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তাদের এই প্রক্রিয়া যে কোন মূল্যে প্রতিহত করা হবে।