বিপ্লব পরবর্তী প্রথম প্রেসিডেন্ট নির্বাচন চলছে তিউনিসিয়ায়

 
তিউনিসিয়ায় ২০১১ সালে জেসমিন বিপ্লবের পর রোববার প্রথমবারের মত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটির স্বৈরশাসক বেন আলীর বিরুদ্ধে গড়ে ওঠা ঐ আন্দোলন পরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। 
নির্বাচনে ২৫ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বর্তমান নেতা মোনসেফ মারজুকি ও বেজি কাইদ ইসেবসির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
আরব বসন্তের মাধ্যমে প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক পালাবদলের অংশ হিসেবে এ নির্বাচন হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি'র খবরে বলা হয়, সকালে শুরু হয়ে পরবর্তী ১০ ঘন্টা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে কোন প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ৩১ অক্টোবর দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী মেহদি জোমা নির্বাচনের আগে বলেন,‘আমরাই প্রথম পরিবর্তনের সূচনা করেছিলাম যাকে আজ সবাই আরব বসন্ত বলে। আমরাই প্রথম পালাবদল করবো। আর অন্যরা আমাদের অনুসরণ করবে।’