আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ছাত্রলীগের কোন্দলে নিহত হওয়ার ঘটনা নিন্দনীয়। সরকার এসব বিসয়ে ব্যবস্থা নিচ্ছে। ছাত্রলীগের মধ্যে জামায়াত শিবিরসহ অন্যদের অনুপ্রবেশ ঘটেছে এবং তারাই নির্মম ভাবে একজন আরেকজনকে হত্যা করছে।
ছাত্রলীগের যে কিছু কিছু ঘটনা সেটি সমর্থনযোগ্য নয়। ছাত্রলীগকে তার ঐতিহ্য ও নীতিতে ফিরে যেতে হবে। ছাত্রলীগকে নিজেকেই নিজেদের নেতৃত্ব দিতে হবে।
বিবিসি বাংলাদেশ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ঢাকায় বিয়াম মিলনায়তনে সংলাপের এ পর্বে বাংলাদেশে সন্ত্রাস বেড়ে যাওয়ার ঝুঁকি, বিদেশে অভিবাসনসহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে এ পর্যন্ত দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগের অন্তত ৩৯ জন নেতাকর্মী নিজ দলের মধ্যেই প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন।
সর্বশেষ বৃহস্পতিবারও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হল।
বিএনপি নেতা হান্নান শাহ বলেন, সরকারের ব্যর্থতার কারণে বিদেশে জনশক্তি পাঠানো কমে গেছে। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্ক নেই।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন বর্তমান সরকারের সময় জনশক্তি রপ্তানি বেড়ে দ্বিগুণ হয়েছে।