বিমানের চেয়ারম্যান জামাল উদ্দীনকে অপসারণের দাবিতে জাতীয় পার্টি রবিবার জাতীয় সংসদে ওয়াক আউট করেছে।
অনির্ধারিত আলোচনার সূত্রপাতের পর রাষ্ট্রায়ত্ত সংস্থাটিতে অব্যবস্থাপনার জন্য চেয়ারম্যান জামাল উদ্দীনকে দায়ী করে তারা সংসদ থেকে ওয়াক আউট করেন।।
আলোচনার এক পর্যায়ে কাজী ফিরোজ রশীদ অধিবেশন পরিচালনাকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মাধ্যমে মন্ত্রীর কাছে জানতে চান- বিমান চেয়ারম্যানকে অপসারণ করা হবে কি না?
এসময় ডেপুটি স্পিকার কার্যপ্রণালী বিধি অনুযায়ী নোটিস দিতে জাতীয় পাটির সংসদ সদস্যকে পরামর্শ দিয়ে কথা বলার সুযোগ দেন জাসদের মঈনউদ্দিন খান বাদলকে।
তখন বিরোধী দলের সদস্যরা ফিরোজ রশীদের নেতৃত্বে ওয়াকআউট করেন। এটা বিএনপিবিহীন দশম সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির দ্বিতীয় ওয়াক আউট। তবে এ সময় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে ছিলেন না।