জজ মিয়ার সাক্ষ্য বাতিলের আবেদন পর্যবেক্ষণ সহকারে নিষ্পত্তি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জজ মিয়ার সাক্ষ্য বাতিল চেয়ে এক আসামির করা আবেদন পর্যবেক্ষণ সহকারে নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। পর্যবেক্ষণে বলা হয়, এটি একটি পুরনো মামলা। দীর্ঘদিন যাবত্ এটি বিচারাধীন রয়েছে। মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ১০৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে বিচারিক আদালত। এ পর্যায়ে আদালত (উচ্চ আদালত) কোন অন্তর্বর্তীকালীন আদেশ দিলে তা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে। পর্যবেক্ষণে আরো বলা হয়, সাক্ষী জজ মিয়ার সাক্ষ্য বাতিলের জন্য যে আবেদন করা হয়েছে বিচারিক আদালতে যুক্তি উপস্থাপনের সময় তারা সেটি করতে পারবেন এবং আইন অনুযায়ী বিষয়টি বিচারিক আদালত বিবেচনা করবেন। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ দিয়ে গতকাল রবিবার এ আদেশ দেন।

প্রসঙ্গত গত ৩০ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন জজ মিয়া। তার সাক্ষ্য প্রত্যাহার চেয়ে আসামি উজ্জ্বল ওরফে রতন ওই আদালতে আবেদন করলে তা নাকচ করে দেয়া হয়। বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে গত ২০ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন উজ্জ্বল।
গতকাল আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির শুনানি করেন।

আদেশের পর মোমতাজ উদ্দিন ফকির বলেন, এই আদেশের ফলে মামলার পরবর্তী কার্যক্রমে জজ মিয়ার সাক্ষ্য বৈধ হিসাবে থাকল।