যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী। আপিলে ট্রাইব্যুনালের রায় বাতিল চেয়ে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে। নিজামীর পক্ষে তার আইনজীবী জয়নাল আবেদীন গতকাল রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। মানবতাবিরোধী ১৬টি অভিযোগের মধ্যে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দেশত্যাগে বাধ্যকরাসহ আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও বাকি চারটি অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। বাকী অভিযোগগুলো প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তিনি খালাস পান। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধেই আপিল করেন নিজামী। নিজামীর আইনজীবী এম তাজুল ইসলাম জানান, ১২১ পৃষ্ঠার আপিল আবেদনের সঙ্গে ৬ হাজার ২৫২ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে। ১৬৮টি আইনগত যুক্তি তুলে ধরে ট্রাইব্যুনালের রায় বাতিল চাওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ট্রাইব্যুনাল নিজামীর সর্বোচ্চ সাজার যে রায় দিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। আসামির আপিলের বিপক্ষে যুক্তি-তর্কে অংশ নেব। আদালত সম্মত হয়েছে যে, আসামি যে মাত্রায় হত্যা, গণহত্যা ঘটিয়েছেন তাতে সর্বোচ্চ সাজা না দিলে তা হবে ন্যায়বিচারের ব্যর্থতা।