নকল বন্দুককে আসল ভেবে পুলিশের গুলি, শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের কিভল্যান্ড শহরের একটি খেলার মাঠে  খেলনা বন্দুক দিয়ে খেলতে গিয়ে পুলিশের গুলিতে এক শিশুর (১২) মৃত্যু হয়েছে। সোমবার এই খবর জানিয়েছে বিবিসি।
পুলিশ জানিয়েছে, হাত তোলার আদেশ দেয়ার পরও তা মান্য না করায় একপুলিশ কর্মকর্তা বালকটিকে ল্য করে দুইটি গুলি ছোড়েন।
এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানায়, পিস্তল নিয়ে একটি বালক লোকজনকে ভয় দেখাচ্ছে, তবে পিস্তলটি আসল কিনা তা সে জানে না বলেও জানায়।
ফোন পেয়ে ঘটনাস্থলে দুইজন পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে একজন দশ বছরের অভিজ্ঞ হলেও অন্যজন স্থানীয় বাহিনীতে তার প্রথম বছর পার করছেন।
ময়নাতদন্তকারী চিকিৎসক বালকটিকে তামির রাইস বলে শনাক্ত করেছেন।
কিভল্যান্ডের ডেপুটি পুলিশ প্রধান এড টোম্বা জানিয়েছেন, প্যান্টের বেল্টের ভিতর থেকে পিস্তলটি বের করার পর বালকটিকে দুটি গুলি করা হয়। পরে ঐ শিশুটি হাসপাতালে মারা যায়। শিশুটি পুলিশ কর্মকর্তাদের দিকে পিস্তলটি তাক করেনি কিংবা মুখ দিয়ে কোনো হুমকিও দেয়নি বলে জানান তিনি।
বিবিসির প্রতিনিধি জানিয়েছে, ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে এবং ঐ দুই পুলিশ কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।