ফরমালিন পরীক্ষায় সঠিক যন্ত্র সংগ্রহের নির্দেশ

 
সবজিসহ ফল ও খাদ্যদ্রব্যে ফরমালিন আছে কিনা তা পরীক্ষার জন্য সঠিক যন্ত্র আগামী দুই মাসের মধ্যে সংগ্রহ করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ যন্ত্র সংগ্রহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
এছাড়া ফরমালিনের উপস্থিতি নিশ্চিত করার সঠিক যন্ত্র নির্বাচন করতে সাত দিনের মধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এবং জাতীয় খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার (এনএফএসএল), ভোক্তা অধিকার অধিদপ্তর এবং ঢাকা বিশ্বদ্যািলয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটি দেশের বাজারে ফরমালিন মাপার জন্য যে যন্ত্রকে সঠিক বলে মনে করবেন, সরকারকে তা সংগ্রহের ব্যবস্থা নিতে হবে।
স্বাস্থ্য, খাদ্য ও স্বরাষ্ট্র সচিবকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুইমাসের মধ্যে কমিটিকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। খাদ্যে ফরমালিনের উপস্থিতি নিরূপনের জন্য আমদানি করা ফরমালডিহাইড মিটার জেড-৩০০ নামের যন্ত্র সঠিক নয় বলে কয়েকটি সরকারি প্রতিষ্ঠান পরীক্ষণ প্রতিবেদন দেওয়ার পর গতকাল হাইকোর্ট সঠিক যন্ত্র সংগ্রহের নির্দেশ দেন।
প্রসঙ্গত খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি রয়েছে কিনা তা নিশ্চিত হতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ফরমালডিহাইড মিটার নামক যন্ত্রটি ব্যবহার করে। প্রকৃতপক্ষে এই যন্ত্রটি ফরমালিন পরীক্ষায় ব্যবহূত হয় কিনা তা নিশ্চিত হতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রূটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাধন চন্দ্র দাশ ও সেক্রেটারি সিরাজুল ইসলাম। এই রিটের ওপর শুনানি নিয়ে গত ২১ জুলাই বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির ডিভিশণ বেঞ্চ যন্ত্রটি পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে আদেশে বিসিএসআইআর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক এবং ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরোটরির পরিচালককে নির্দেশ দেয়া হয়। আদালতের আদেশে যন্ত্রটি পরীক্ষা করে সম্প্রতি এসব প্রতিষ্ঠান আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, আমদানিকৃত যন্ত্র খাদ্যের ফরমালিনের উপস্থিতি নির্ণয়ের জন্য নয়। গতকাল হাইকোর্টে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। শুনানিতে তিনি সঠিক যন্ত্র সংগ্রহের জন্য আদালতের প্রতি নির্দেশনা চান। পরে আদালত উক্ত আদেশ দেন।