শ্যামপুরে বাসার কাছে যুবক খুন

 
রাজধানীর শ্যামপুরের কলিমুল্লাহবাগে মো. রাজীব নামে এক যুবক নিজের বাসার কাছে খুন হয়েছেন। দুবৃর্ত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রবিবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে। ২৮ বছর বয়সী রাজীব স্থানীয় একটি ইলেকট্রিক ক্যাবল তৈরির কারখানার শ্রমিক ছিলেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে হারুণ ঢালী নামে ফল বিক্রেতা আহত হয়েছেন।
রাজীবের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার কয়েকজন বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের স্ত্রী শিউলী আক্তার জানান, রাত ১২টার দিকে বাসার সামনে স্বামীর চিত্কার শুনে তিনি বের হন। ওই সময় রনিসহ কয়েক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। লোকজনের সহায়তায় রাজীবকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে রাত তিনটার দিকে তিনি মারা যান। রনিসহ ওই যুবকদের সঙ্গে রাজীবের শত্রুতা ছিল জানালেও কী নিয়ে শত্রুতা তা বলতে পারেননি শিউলি।
শ্যামপুর থানার ওসি নূরে আযম জানান, বাসার সামনে রক্তমাখা বসার একটি বেঞ্চ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাজীবসহ দুর্বৃত্তরা সেখানে বসে আড্ডা দিচ্ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরি মেরে হত্যা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।