সার্ক বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ নেপাল যাচ্ছেন

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল তিনটায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি৭০১) কাঠমান্ডুর উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি নেপালের স্থানীয় সময় সোয়া ৪টায় কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এক আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ক্রাউন প্লাজা সোয়েলটি কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন।

দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন আগামীকাল বুধবার কাঠমান্ডুর ভ্রীকুটি মন্ডপে অবস্থিত রাষ্ট্রীয় সভাগৃহে শুরু হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সার্কের অন্য সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে উপস্থিত থাকবেন ও ভাষণ দেবেন। প্রথমদিন সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট ড. আশরাফ ঘানি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমের সাথে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। একই দিন তিনি অন্যান্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের সাথে হোটেল ক্রাউন প্লাজা সোয়েলটিতে নেপালের প্রধানমন্ত্রীর আয়োজিত ভোজসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ   করবেন। পরদিন বৃহস্পতিবার শেখ হাসিনা ও সার্কের অন্য নেতৃবৃন্দ রিট্রিয়েট সেশনে যোগ দিতে হেলিকপ্টারে নেপালের শীর্ষ পর্যটনকেন্দ্র ধুপিখেল যাবেন। একইদিন ধুপিখেল থেকে ফিরে তাঁরা শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সার্কের অন্য নেতৃবৃন্দ কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রেসিডেন্ট ড. রামবরণ যাদবের সঙ্গে সাক্ষাত্ করবেন। তাঁরা নেপালের রাষ্ট্রপতির দেয়া ভোজসভায়ও যোগ দেবেন। প্রধানমন্ত্রী ২৮ নভেম্বর দুপুর ১২টা পাঁচ মিনিটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।