একটি কোম্পানির লাভজনক পদে থেকেও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কোন কর্তৃত্ববলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই রুল জারি করে।
একই সঙ্গে মোশাররফ হোসেন যে কোম্পানির সঙ্গে যুক্ত, তা এজিএম, অডিট রিপোর্ট ও কার্যপ্রণালির নথি দাখিল করতে বলেছেন আদালত।
মন্ত্রী মোশাররফ, মন্ত্রিপরিষদ সচিব ও জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের রেজিস্ট্রারকে তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না গত রবিবার এই রিট আবেদন করেন। রিট আবেদনে বলা হয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হোটেল কোম্পানি পেনিনসুলা চিটাগাং লিমিটেডের চেয়ারম্যান হওয়ার পরও মন্ত্রীর দায়িত্ব পালন করছেন যা সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।