প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সম্মেলনে যোগদানের উদ্দেশে মঙ্গলবার নেপাল পৌঁছেছেন।
দু’দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল থেকে কাঠমান্ডুর সিটি হল (রাষ্ট্রীয় সভাগৃহ) ভ্রিকুটি মন্ডপে শুরু হবে।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে নেপাল সময় ৪টা ৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নেপালের উপ-প্রধানমন্ত্রী বামদেব গৌতম ও নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
নেপাল সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী আগামীকাল সার্কভুক্ত অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান করবেন ও ভাষণ দেবেন। খবর বাসস।