শেকৃষির ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

 
 
 
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রীদের সিট বণ্টন কেন্দ্র করে ছাত্রদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনার তদন্তকালে জড়িত তিন শিক্ষকের দুজনকে প্রভোস্ট পদ এবং একজনকে ডিনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার তাদের এ অব্যাহতির আদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘তদন্ত চলাকালে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্তের জন্য ৭ দিন সময় দেয়া হয়েছে। তবে কমিটির সদস্যরা সময় বাড়িয়ে নিতে পারবেন।’
বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক অসীম কুমার ভদ্র ও সহকারী প্রভোস্ট শারমিন চৌধুরী এবং পোস্ট গ্রাজুয়েট ডিনের পদ থেকে অধ্যাপক ড. নজরুল ইসলাম অব্যাহতি পান।

এ দিকে, কৃষকরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শহীদুল ইসলামকে অতিরিক্ত হিসেবে ছাত্রীদের ওই হলটির দায়িত্ব দেয়া হয়েছে এবং পোস্ট গ্রাজুয়েট ডিনের দায়িত্ব পেয়েছেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা।