`শিগগির প্রি-পেইড মিটার সরবরাহ করা হবে'

 
বিদ্যুত্ ও গ্যাসের অপচয় ও দুর্নীতি রোধে শিগগির প্রি-পেইড মিটার সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘আলোকিত বাংলাদেশ, বিদ্যুত্ ও জ্বালানি খাতে অর্জন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।
বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুত্ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করা হচ্ছে। সম্পূর্ণ ডিজিটালাইজড হলে এ খাতের দুর্নীতি বন্ধ হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী,বীরবিক্রম, বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম এমপি ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম রহমান প্রমুখ। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী, বীরবিক্রম বলেন, দেশের বিদ্যুত্ খাতকে এগিয়ে নিতে আরো ২৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। তিনি বলেন, বর্তমানে দেশে ৩৫ লাখ সোলার প্যানেল ব্যবহূত হচ্ছে যাতে দেড় কোটি মানুষ আলোকিত হচ্ছে। এর পরিমাণ ডেনমার্ক ও নরওয়ের জনসংখ্যার চেয়েও বেশি।