জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে সুইডেন

 
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়  বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে  সুইডেনের ইন্টারন্যাশনাল কো-অপারেশন মন্ত্রী ইসাবেলা লভিন বলেছেন, এ বিষয়ে সুইডেন বাংলাদেশের পাশে থাকবে। মঙ্গগলবার পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে সচিবালয়ে তাঁর অফিসে সাক্ষাতকালে সুইডেনের মন্ত্রী একথা বলেন।
সাক্ষাতকালে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্কের বিষয়ে আন্তরিকভাবে আলোচনা করেন তারা। এসময় লিমায় অনুষ্ঠিতব্য ২০তম বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ও সুইডেন পরস্পর পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে আলাচনা হয়েছে। 
সাক্ষাতকালে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাংলাদেশ নিজস্ব প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ  নিজস্ব ও উন্নয়ন সহযোগিদের অর্থায়নে  কাজ শুরু করেছে। এ খাতে পূর্বে সুইডেনের ১৯ দশমিক ৬ মিলিয়ন ডলার অনুদানের কথা উল্লেখ করে ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।  
আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি বাংলাদেশের সার্বিক পরিবেশ উন্নয়নেও বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
সাক্ষাতকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিব) খন্দকার রাকিবুর রহমান, যুগ্ম সচিব আবদুল্লা আল মহসিন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক ও প্রধান বন সংরক্ষক এবং সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক হেনরিক সেডেরিন উপস্থিত ছিলেন।