ভারতে চিকিৎসা ভিসা সহজ করার ঘোষণা মোদির



সম্মেলনে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্কভুক্ত দেশগুলোর জন্য তার দেশের পক্ষে ৩-৫ বছরের ব্যবসায়িক ভিসা দেয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ভারতে চিকিৎসা ভিসা সহজ করার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘এখন থেকেই এই ব্যবসায়িক ভিসা দেয়া হবে। পাশাপাশি ভারতে চিকিৎসার জন্য আসা রোগী ও তার একজন সঙ্গী তাৎক্ষণিক চিকিৎসা ভিসাও পাবেন।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার বিশ্বাস, এর মাধ্যমে সার্ক দেশগুলো একে অপরের গ্রাম ও শহরকে উন্নত করতে সক্ষম হবে। এ অঞ্চলের জন্য উজ্জ্বল আগামী নির্মাণ করতে পারবে। সার্ক দেশগুলোর সঙ্গে ভারতের বিশাল বাণিজ্য থাকলেও তা টেকসই নয় বলেও মন্তব্য করেন তিনি।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, আমরা আমাদের ক্রেতা ও পরিবেশের জন্য কী করছি, সে বিষয়ে চিন্তা করতে হবে। সরাসরি বাণিজ্যরুট তৈরির মাধ্যমে ক্রেতা ও উৎপাদকের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে চাই। ভারত এই কাজটি করবে।

এক্ষেত্রে অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সার্কের এগিয়ে যাওয়ার গতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সার্ক যে গতিতে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে এগিয়ে যাচ্ছে না। এর ফলে আমরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সার্কের অন্যান্য দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা এক হয়ে কাজ শুরু করি। আমাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করি। নিজেদের এগিয়ে নিয়ে যাই। নৈরাজ্যকে আশাবাদে পরিণত করতে একযোগে কাজ করি।

নরেন্দ্র মোদী বলেন, সার্কে এটিই তার প্রথম অংশগ্রহণ হলেও উপস্থিত অনেকের সঙ্গে দ্বিতীয় সাক্ষাত। দক্ষিণ এশিয়ার মতো বিশ্বের আর কোথাও এতো সম্মিলিত প্রচেষ্টা নেই। ভালো প্রতিবেশী সবসময় আশা জাগায়। ভারতীয় প্রতিষ্ঠানগুলো বাইরের দেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। অথচ এখানে বিনিয়োগ হচ্ছে তার এক শতাংশেরও কম। ভারত-বাংলাদেশ বিদ্যুৎ ও যোগাযোগ উন্নয়নে ব্যাপক কাজ করছে বলেও জানান তিনি।