প্রায় এক যুগ পর বুধবার ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হলো সাভার উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি। তবে কাউন্সিলরদের ভোটে নয়, শেষ পর্যন্ত ঘোষণার মাধ্যমেই নির্বাচিত হন নেতারা। এবারের কমিটিতে দলের পুরোভাগে রয়ে গেছেন আগের নেতারাই।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন হাসিনা দৌলা। সাধারণ সম্পাদক হয়েছিলেন আলী হায়দার। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের কথা থাকলেও কাউন্সিলরদের আকাঙ্ক্ষা উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক পদে আলী হায়দার ও যুগ্ম সম্পাদক পদে ঘোষণা করা হয় মঞ্জুরুল আলমের নাম। মঞ্জুরুল আলম আগের কমিটিতে কোনো পদে ছিলেন না। এ ব্যাাপারে জানতে চাইলে সাংসদ এনামুর রহমান সাংবাদিকদের বলেন, দলীয় প্রধান ও দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোটযুদ্ধে না গিয়ে সমঝোতার ভিত্তিতে তিনটি পদ ঘোষণা করা হয়। বাকি পদগুলোতেও একইভাবে নেতা নির্বাচন করা হবে।