স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’-এর উদ্যোগে ৩১ ডিসেম্বর দেশ জুড়ে পালন করা হবে ‘দেশটাকে পরিষ্কার করি’ কর্মসূচি। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান হয়।
সংগঠনের চেয়ারম্যান ফিদা হক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সংগঠনের উপদেষ্ঠা ফৌজিয়া খন্দকার ইভা, নির্বাহী পরিচালক এডভোকেট নাহিদ সুলতানা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জানান হয়, সমাজের সকল অনিয়ম, অসঙ্গতি, বৈষম্যের পরিবর্তন চাইতে গিয়ে শুরুতে তারা দেশটা পরিষ্কার করার কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর, খুলনা ও বরিশালে দেশটাকে পরিষ্কার করির আওতায় পরিষ্কার- পরিচ্ছন্নতার অভিযান চালান এবং দিন দিন তাদের পরিসর বৃদ্ধি পাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের ২০ টি বসবাসের অনুপযোগী শহরের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর স্থান পেয়েছে। এমতাবস্থায় সকলকেই তারা ঐদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নিজ বাড়ি, কর্মক্ষেত্র, এলাকা পরিষ্কার করার আহবান জানান। সংগঠনের পক্ষ থেকে কমলাপুর রেলস্টেশন, ধানমন্ডিসহ নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হবে। পরে তা রবীন্দ্রসরবরে এসে শেষ হবে। এনজিও নেটওয়ার্ক তাদের পাশে থাকবে বলেও তারা উল্লেখ করেন। সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয় তাদের এই কাজে সম্মতি দিয়েছে বলেও তারা জানান। এই কার্যক্রমের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক ও চ্যানেল আই।