সুবহানের মামলা রবিবার পর্যন্ত মুলতবি

 মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুস সুবহানের পক্ষে অভিযোগভিত্তিক যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার শেষ হয়েছে। আগামী রবিবার পর্যন্ত মামলার কার্যক্রম  মুলতবি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলায় আসামিপক্ষে সপ্তম দিনের মতো যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। 
আসামিপক্ষে অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শেষ করেন এডভোকেট মিজানুল ইসলাম। 
সুবহানের বিরুদ্ধে আনীত ৯টি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়েই তার আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। 
পরবর্তী ধার্য তারিখে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক আইনী পয়েন্টে যুক্তিতর্ক পেশ করবেন।
গত ১২ নভেম্বর প্রসিকিউশন এ আসামির বিরুদ্ধে অভিযোগভিত্তিক যুক্তিতর্ক এবং ১৭ নভেম্বর আইনি পয়েন্টে যুক্তিতর্ক পেশ শেষ করে। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন গত ৫ নভেম্বর শুরু হয়। 
সুবহানের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, রেজিয়া সুলতানা চমন ও সুলতাম মাহমুদ সিমন। 
সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। 
গত বছরের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেফতার করা হয়।
গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৯টি ঘটনায় তার বিরুদ্ধে গত বছরের ৩১ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়।