দুঃসাহসী অভিযাত্রী স্যান্ডি রবসন বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয়ে ২০১১ সালে শুরু করেন সাগরপথে বিশ্বভ্রমণ। বহু দেশ ও বহু জনপদ ঘুরে তিনি গত বুধবার বিকালে সুন্দরবন হয়ে কুয়াকাটা সৈকতে এসে পৌঁছান। ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নারীর সমুদ্রযাত্রার বিশেষত্ব হচ্ছে, তিনি ফাইবারের তৈরি ছোট্ট নৌকোয় করে সাগরে বেড়িয়েছেন। তাও আবার নৌকাটি দাঁড় বা বৈঠা দিয়ে চালাতে হয়।
কুয়াকাটার একটি আবাসিক হোটেলে গতকাল বৃহস্পতিবার তিনি বিশ্রাম নেন। তার নিরাপত্তায় নিয়োজিত ছিল পর্যটন পুলিশ। আজ শুক্রবার সকালে তিনি সোনাচর, সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার ও সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে যাবেন মিয়ানমারে। এরপর পর্যায়ক্রমে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি হয়ে যাবেন তার দেশ অস্ট্রেলিয়ায়।
পেশায় শিক্ষক স্যান্ডি ২০১৬ সালে সমুদ্রভ্রমণ শেষ করতে চান। বাংলাদেশে আসার আগে তিনি প্রায় পাঁচ হাজার কিলোমিটার সমুদ্রপথ দাড় বেয়ে পাড়ি দিয়েছেন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মণ্ডল জানায়, স্যান্ডির নিরাপত্তার জন্য তিনি যে আবাসিক হোটেলে উঠেছেন সেখানে একদল পর্যটন পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো দুইদিন আগে কুয়াকাটায় পৌঁছার কথা ছিলো। নদী ও সমুদ্রে তীব্র স্রোতের কারণে বুধবার বিকালে কুয়াকাটা সৈকতে পৌঁছান। বিশ্রাম শেষে তিনি আজ ভোরে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বলে তিনি আমাদের জানিয়েছেন।