প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

শান্ত সুশ্রী মেয়েটি। ইডেন কলেজের অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বিকালে কন্টেইনারে পাঁচ লিটার কেরোসিন তেল নিয়ে সোজা চলে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। গেটের একটু পাশে গিয়ে হুট করে বসে পড়লেন। এরপর দ্রুত কন্টেইনার থেকে কেরোসিন তেল গায়ে ঢেলে ব্যাগ থেকে লাইটার ও মোবাইল ফোন বের করেন। এসময় গেটের সামনে থাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত দৌড়ে এসে তাকে আটক করে। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মেয়েটি জানান, বাবার উপর রাগ করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। আত্মহত্যা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কেন, গোয়েন্দাদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এখানে আত্মহত্যা করলে দেশের মানুষ জানতে পারবে তার বাবা তাকে পছন্দ করে না।

গতকাল বিকালে পুলিশ তাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। আত্মহত্যার ব্যাপারে তিনি পুলিশকে জানান, তার বাবা তাকে পছন্দ করে না। তার বাবা এবং পরিবারের অন্য সদস্যরা তার ভরণ-পোষণ দিচ্ছে না, লেখাপড়ার খরচ দিচ্ছে না। এছাড়া তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেয়ার চেষ্টা করছে তার পরিবার। এ কারণে বাবার বিরুদ্ধে লালবাগ থানায় একটি জিডিও করেছেন তিনি।
এদিকে লালবাগ থানায় খবর নিয়ে জানা যায়, অক্টোবরের ২৭ তারিখে তিনি লালবাগ থানায় তার বাবার বিরুদ্ধে একটি জিডি করেন। সেখানে তার অমতে তাকে বিয়ে দেয়া এবং পারিবারিকভাবে ভরণ-পোষণ না দেয়ার কথা উল্লেখ করেছেন।

মেয়েটির বাবা শেরপুরের ঝিনাইগাতি থানার আলহাজ সফিউদ্দিন কলেজের শিক্ষক। গতকাল রাতে পুলিশ ঐ শিক্ষকের সাথে কথা বলে। তিনি পুলিশকে জানান, গত বুধবারও তিনি ঢাকায় এসে মেয়েকে দেখে গিয়েছেন। যাওয়ার সময় মেয়ের হাতে টাকাও দিয়েছেন। তবে কেন মেয়েটি এমন কাজ করলো এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।