নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে গণসংযোগ করতে আজ শনিবার কুমিল্লা যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে স্থানী ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সকাল ১০টায় বেগম খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওনা হবেন। এরপর পল্টন, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁও, দাউদকান্দি হয়ে দুপুরে কুমিল্লায় পৌঁছবেন তিনি।
কুমিল্লা জেলা সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রামের পর বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা শহরের টাউন হল মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
এদিকে দলীয় সূত্রে জানা যায়, দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হবে। এতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের স্থানীয়সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জনসভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী।