ছাদ থেকে ফেলে মুরগি ব্যবসায়ীকে হত্যা

 
 
 
 
রাজধানীর কাপ্তান বাজারে সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয়ের ভিতর এক মুরগি ব্যবসায়ী পিটিয়ে আহত করার পর ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে কার্যালয়ের সামনে থেকে পুলিশ আরিফ হোসেন সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিত্সকরা জানায় যে, আরিফের আগেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রবিন বাদী হয়ে ওয়ারী থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রনি, বাবুসহ তিনজনকে গ্রেফতার করেছে।
নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে— ৮ র্যাঙ্কিন স্ট্রিটে আরিফের বাসা। তিনি কাপ্তানবাজারে মুরগির ব্যবসা করেন। কাপ্তান বাজারে কসাই গলিতে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ড কার্যালয়। তিন তলা এই ভবনের কয়েকটি দোকানের দখল নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে একটি দোকানের দখল নিয়ে বৃহস্পতিবার রাত ১২টার দিকে আরিফ ও তার বন্ধুদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আরিফের বন্ধুরা একটি বিষয় নিয়ে তাকে মারধর করে। একপর্যায়ে তারা আরিফকে তিন তলা ভবনের ছাদে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য পেয়েছে। ভবনের সামনের রাস্তায় পড়ে যাওয়ার পর সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ওয়ারী থানার এসআই স্বপন কার্তিক দে জানান— কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।