যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল আগামী সংসদ নির্বাচন কবে হবে,তা বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের কাছে জানতে চেয়েছেন। তিনি জবাবে বলেন,বাংলাদেশের পরবর্তী নির্বাচন স্বাভাবিক নিয়মে,যথাসময়ে হবে।
শুক্রবার বিরোধী দলীয় নেতার গুলশান-২ এর বাসায় সৌজন্য সাক্ষাতে একথা জানতে চান নিশা দিশাই। তিনি বিকাল সোয়া পাঁচটায় ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রওশন এরশাদের বাসায় যান। তাদের মধ্যে ৪৫ মিনিট বৈঠক হয়।
বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে উল্লেখযোগ্য ছিল গত নির্বাচন, বস্ত্রখাত ও শ্রমিকদের কাজের পরিবেশ। তিনি আরও বলেন,আমরা আমাদের পক্ষ থেকে বিরোধী দলের কার্যকলাপ সম্পর্কে তাকে অবহিত করেছি।
বিগত নির্বাচন নিয়ে আমরা বলেছি,বিএনপিকে যারা পরামর্শ দেয়,তারা ভুল পরামর্শ দেয়। বিএনপি নির্বাচনে আসলে ভিন্ন কিছু ঘটতে পারত।তিনি বলেন,বিগত নির্বাচন যথাসময়ে কেন অনুষ্ঠান হওয়া প্রয়োজন ছিল এবং জাতীয় পার্টি কেন তাতে অংশগ্রহণ করেছে,সে বিষয়েও তাকে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।