রাজধানীতে ছাদ থেকে ফেলে ব্যবসায়ী হত্যা

রাজধানীর কাপ্তান বাজারে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কার্যালয়ের ভেতর এক মুরগী ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে ঐ কার্যালয়ের সামনে থেকে পুলিশ আরিফ হোসেন সোহাগ নামের মুরগি ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিত্সকরা তাকে মৃত বলে জানায়। এ ঘটনায় নিহতের ভাই রবিন বাদী হয়ে ওয়ারী থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রনি, বাবুসহ তিন জনকে গ্রেফতার করেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ৮, র্যাঙ্কিন স্ট্রিটে আরিফের বাসা। তিনি কাপ্তান বাজারে মুরগীর ব্যবসা করেন। কাপ্তান বাজারে কসাই গলিতে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ড কার্যালয়। তিন তলা এই ভবনের কয়েকটি দোকানের দখল নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। একটি দোকানের দখল নিয়ে বৃহস্পতিবার রাত ১২টার দিকে আরিফ ও তার বন্ধুদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় আরিফের বন্ধুরা একটি বিষয় নিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তারা আরিফকে তিন তলা ভবনের ছাদে তুলে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে তথ্য পেয়েছে পুলিশ। ওয়ারী থানার এসআই স্বপন কার্তিক দে জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।