মমতার ডাকে ‘অদ্ভুত’ মিছিলে বুদ্ধিজীবী ও তারকারা

পশ্চিমবঙ্গের মিডিয়াতে বলা হয়েছে, এমন মিছিল কোথাও খুঁজে পাবে নাকো তুমি! কারণ মিছিলে যারা হাটছেন তারা নিজেরাই জানেন না কেন হাটছেন। তারা একটাই কারণ জানেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেকেছেন। মমতার ডাকে সাড়া দিয়ে শিল্পী-বুদ্ধিজীবীদের মিছিল।   ঠিক যেন যেমন খুশি হাঁটো। ছিল না কারো পক্ষে কিংবা বিরুদ্ধে কোনো শ্লোগান। তবে মিছিলে বিপুল লোকসমাগম হয়।

মিছিলের ইস্যু না জানলেও জনপ্লাবনের মধ্যে তারকার মেলা দেখে অনেকের চোখ জুড়িয়ে গেল। জি নিউজের খবরে বলা হয়, পকেটের পয়সা খরচ না করলে তারকা দর্শন হয় না। কাউন্টারে লাইন দিয়ে, টিকিট কেটে যেটুকু দেখা যায়, তাও আবার ছায়াছবি। কিন্তু শুক্রবার রাজপথে বুদ্ধিজীবীদের মিছিল সেই আক্ষেপ অনেকটাই পুষিয়ে দিল। চলচ্চিত্র তারকাদের একেবারে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ। পথে যারা বেরিয়েছিলেন, তারা এই মিছিল দেখে দঁড়িয়ে পড়েন পথের ধারে। তারকা দর্শনে অনেকে আবার আরও মরিয়া। রাস্তার ডিভাইডার ভিড়ের চাপে তখন যেন গ্যালারিতে পরিণত হয়েছে। তবে সবচে বেশি আকর্ষণ টানতে পেরেছেন টলিউডে বর্তমান ক্রেজ তৃণমূল কংগ্রেস এমপি দেব মুখার্জি। তবে তারকাদের দেখে সবাই যে আহ্লাদে আটখানা হয়েছেন তাও নয়। রাজনীতির প্রতি তাদের এই অতিমাত্রায় আকর্ষণ দেখে অনেকে মনে করছেন, আগামীতে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন বাগিয়ে নিতেই তারা এসেছেন। কারণ গত নির্বাচনে মমতা ব্যানার্জির নায়ক-নায়িকা প্রীতি সবাই দেখেছে।