ভেনিজুয়েলায় অতিরিক্ত ওষুধ সেবনে ৩৫ বন্দির মৃত্যু

 
 
ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলের উরিবানা কারাগারে অনশনরত বন্দিদের অতিরিক্ত মাত্রায় ঔষধ সেবনের কারণে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একশ’জনেরও বেশি বন্দির চিকিৎসা চলছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শুক্রবার এ খবর প্রকাশ পায়।
ক্ষমতাসীন সোশালিস্ট পার্টির আইনপ্রণেতা উইলিয়াম ওজেদা এ কথা জানান। 
এদিকে স্বজনেরা বন্দিদের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন। 
প্রধান কৌঁসুলির কার্যালয় বলছে, তারা এ মৃত্যু বিষয়ে কারাগারের পরিচালককে জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছে। 
বৃহস্পতিবার প্রথম কারাগারে বন্দি মৃত্যুর খবর পাওয়া গেছে। ওইদিন ১৩ জনের মৃত্যুর কথা বলা হয়। 
উল্লেখ্য, উরিবানা কারাগারের বন্দিরা সেখানকার নানা অনিয়ম ও জেল কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কয়েকদিন ধরে অনশন চালিয়ে আসছিল।