বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের ‘শীর্ষ বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়ে খালেদা জিয়া শীর্ষ বেঈমানে পরিণত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যুদ্ধাপরাধীরা এখন বিচারাধীন। এদের অনেকেই আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। স্বাধীনতাযুদ্ধের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য একদিন খালেদা জিয়ারও বিচার হবে।’
শনিবার হবিগঞ্জে এক বিশাল জনসভায় ভাষণকালে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট বেধে সরকার গঠন করেছে। বিএনপি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে। তারা ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী। ১৯৭১ সালে তারা আমাদের গ্রামে গ্রামে আগুন দিয়েছে, গণহত্যা চালিয়েছে, আমাদের মা-বোনদের ইজ্জত হরণ করেছে এবং জনগণের সম্পদ লুণ্ঠন করেছে।’
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহের এমপি’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বক্তব্য রাখেন।