সুবহানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ

 
 
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুস সুবহানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন রবিবার  শেষ হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলায় আসামিপক্ষে অস্টম দিনের মতো যুক্তিতর্ক অনুষ্টিত হয়। 
রবিবার আসামিপক্ষে আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক আইনী পয়েন্টে যুক্তিতর্ক পেশ শেষ করেন। 
গত ২৭ নভেম্বর আসামিপক্ষে অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শেষ করেন এডভোকেট মিজানুল ইসলাম। সুবহানের বিরুদ্ধে আনীত ৯টি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়েই তার আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। মামলার কার্যক্রম ৩ ডিসেম্বর পর্যন্ত মূলতবি করা হয়েছে। ওই দিন প্রসিকিউশন আইনি পয়েন্টে আসামিপক্ষের বিপরিতে পাল্টা যুক্তি উপস্থাপন করবে।
গত ১২ নভেম্বর প্রসিকিউশন এ আসামির বিরুদ্ধে অভিযোগভিত্তিক যুক্তিতর্ক এবং ১৭ নভেম্বর আইনি পয়েন্টে যুক্তিতর্ক পেশ করে। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন গত ৫ নভেম্বর শুরু হয়। 
সুবহানের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, রেজিয়া সুলতানা চমন ও সুলতাম মাহমুদ সিমন। 
সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষির সাক্ষ্যগ্রহন করা হয়েছে। 
গত বছরের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেফতার করা হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৯টি ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।