সাবেক স্বামীর সঙ্গে কারিশমা!

বিচ্ছেদের পরও সন্তানের খাতিরে সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে দেখা গেছে ভারতীয় অভিনেত্রী কারিশমা কাপুরকে। এ বছরই আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়েছিল। শুক্রবার মুম্বাইয়ে শামাক দাভারের কোরিওগ্রাফিতে মেয়ের নাচের একটি অনুষ্ঠান একসঙ্গে বসে উপভোগ করেছেন তারা।
দিল্লিভিত্তিক ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ে হয় ২০০৩ সালের সেপ্টেম্বরে। তাদের প্রথম সন্তান সামাইরার জন্ম ২০০৫-এ।
সামাইরার জন্মের পর থেকেই বারবার শোনা গেছে সঞ্জয়ের সঙ্গে কারিশমার বনিবনা না হওয়ার কথা। এর জের ধরে ওই সময় কিছুদিনের জন্য দিল্লি থেকে মুম্বাইয়েও ফিরে আসেন কারিশমা।
পরে অবশ্য আরও একবার সম্পর্ক জোড়া লাগে কারিশমা-সঞ্জয়ের। ২০১০ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান কিয়ান রাজ কাপুর।
এরপর আবারও দানা বাঁধতে থাকে কারিশমার সংসারে ভাঙ্গন। 
অবশেষে বিচ্ছেদের পথেই এগোন তারা। চলতি বছরের মাঝামাঝিতে বোন কারিনা কাপুরের স্বামী অভিনেতা সাইফ আলি খানের মধ্যস্থতায় বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।