ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুত্ কেন্দ্র থেকে বিদ্যুত্ পেতে আরো এক বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী। তিনি বলেন, এক বছর পর শর্ত মোতাবেক ১০০ মেগাওয়াট বিদ্যুত্ পাবে বাংলাদেশ। রবিবার দুপুর আড়াইটায় ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পালাটানা বিদ্যুত্ কেন্দ্রের দুটি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে তিনি রবিবার আগরতলায় যান।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগরতলায় বিদ্যুত্ কেন্দ্রের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ড. তৌফিক-ই-এলাহী বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলো তখন মিয়ানমার থেকে গ্যাস বাংলাদেশ হয়ে ভারতে নেয়ার কথা ছিল। তিন দেশের মন্ত্রীরা এসে স্বাক্ষর করারও কথা ছিল, কাগজপত্রও তৈরি হয়েছিল, কিন্তু খালেদা জিয়া সেটাকে অনুমোদন দেননি। এটা হলে ভারতের পাশাপাশি আমরাও লাভবান হতাম।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে সাড়ে চার হাজার মেগাওয়াট উত্পাদন ক্ষমতার বিদ্যুত্ এখন ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরেই বিদ্যুত্ পৌঁছে দেয়া হবে।
আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলা যাওয়ার সময় ত্রিপুরা রাজ্যের বিদ্যুত্ মন্ত্রী মানিক দে তাকে স্বাগত জানান।
পালাটানার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।