একটি ঘুষ গ্রহণ মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার আপিলের পুন শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট ওই আপিল গ্রহণ করে হুদা দম্পতির সাজা বাতিল করে রায় দিয়েছিল। সোমবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টে এ রায় বাতিল করে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেন।
২০০৭ সালের ২১ মার্চ ২ কোটি ৪০ লাখ টাকার ঘুষ গ্রহণের অভিযোগে ধানমন্ডী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় ওই বছরের ২৬ আগস্ট বিশেষ জজ আদালত-৩ নাজমুল হুদাকে ৫ বছর ও সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেয়। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন তারা। ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট ওই সাজা বাতিল করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে মামলার পক্ষদ্বয়কে পুনরায় আপিল শুনানির আদেশ দেয়।