হংকংয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

হংকং এর গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের সঙ্গে সে দেশের পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা সরকারি কার্যালয় ঘেরাও করার সময় পুলিশ লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহার করে।
বিক্ষোভকারীরাও পাল্টা বিভিন্ন অস্ত্রশস্ত্র ছুড়ে মারে পুলিশের দিকে। এদিকে, পরিস্থিতি তদন্তে ব্রিটিশ সংসদীয় কমিটিকে হংকংয়ে প্রবেশের প্রস্তাব নাকচ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।
গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা রবিবার হংকংয়ের প্রধান নির্বাহী সিওয়াই লিউং এর কার্যালয় ঘেরাও করতে যায়।
এর আগে সকালে দুই মাস ধরে আন্দোলনরত বিক্ষোভকারীদের দখলে থাকা কয়েকটি ক্যাম্প পুলিশ গুড়িয়ে দেয়। এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। তাদের আন্দোলনের প্রতীক ছাতা নিয়ে আসে, পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাতা দিয়েই বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হয়। 
এর আগে, পরিস্থিতি তদন্তে ব্রিটিশ সংসদীয় কমিটি হংকং এ প্রবেশের অনুমতি চাইলে তা নাকচ করে দেয় চীনা কর্তৃপক্ষ।
আন্দোলনকারীরা বলছেন, তারা হংকং এর পরবর্তী নেতা নির্বাচনে নিজেদের অধিকার চান। আর এ ব্যাপারে চীনের হস্তক্ষেপ তারা মেনে নেবেন না।
চীন সরকার বলছে, ২০১৭ সালে সাধারণ নির্বাচন হবে। কিন্তু সেখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, নিজেদের পছন্দমত তাদের আগে থেকে বাছাই করে রাখতে চায় চীন সরকার।