সাপ খেয়ে সাপুড়ের মৃত্যু!

সাপের কামড় খেয়ে কিংবা এর বিষে সাপুড়ে মারা যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে। 
শুক্রবার সীতাপুরের কাকিয়াপারার বাসিন্দা ধীরাজ যাদব ঘুমাতে গিয়ে নিজের শোবার ঘরে একটি কোবরা দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে নানহু সাপুড়েকে খবর দেন। অনেক প্রচেষ্টার পর নানহু 
খাটের তলা থেকে কোবরাটি বের করেন। রাগের মাথায় সাপটি নানহুর হাতে কামড় বসিয়ে দেয়। নাহহুও কম যান না। কোবরার মাথায় কামড় বসিয়ে দেন তিনি। এরপর ধীরাজের বাড়ির সামনে সাপটি পুড়িয়ে খেতে শুরু করেন নানহু।  কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি বমি শুরু করেন ও জ্ঞান হারান। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরকম ভয়ঙ্কর কাহিনী নানহুর জীবনে এটাই প্রথম নয়। এর আগে ১৯৯০ সালে একবার সাপের বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু সে যাত্রায় বেঁচে যান তিনি। সূত্র: ইন্ডিয়া ডট কম।