দুর্ঘটনার পর সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর চিকিৎসায় অবহেলার অভিযোগে রাজধানীর পান্থপথের মোহনা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আজ সকালে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল মোহনা হাসপাতাল পরিদর্শন করে এই সিদ্ধান্তের কথা জানান।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোশাররফ হোসেন এবং অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নানের নেতৃত্বে দলটি পরিদর্শনে যেয়ে দেখতে পায় কোনো রকম অনুমোদন ছাড়াই হাসপাতাল চালাচ্ছিল মোহনা কর্তৃপক্ষ।
ডায়াগনস্টিক সেন্টার চালানোর অনুমতি পেলেও হাসপাতালের কার্যক্রম চালানোর কোনো লাইসেন্স তারা পরিদর্শন দলকে দেখাতে পারেনি। তাৎক্ষণিকভাবে তাদেরকে হাসপাতাল বন্ধ করে দিয়ে ২৪ ঘন্টার মধ্যে সেখানে ভর্তি হওয়া রোগীদের অন্য হাসপাতালে প্রেরণ করার নির্দেশও দেয়া হয়।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি তদন্ত করার জন্য একটি তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।