চার মন্ত্রীর বিরুদ্ধে করা রিট খারিজ

 
মন্ত্রী হওয়ার পরেও কোম্পানির পরিচালক পদে বহাল থাকার অভিযোগে সরকারের চার মন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত এক রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আবেদনটি যথাযথ না হওয়ায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
গত নভেম্বর মাসে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যে সরকারের চার মন্ত্রী মন্ত্রিত্ব লাভের পরেও কোম্পানির লাভজনক পদে রয়েছেন।
এই চার মন্ত্রী হলেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তাদের মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী জিয়াউর রহমান।
রিটের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রিট খারিজ করে দেয়।
মোতাহার হোসেন সাজু বলেন, এই ধরণের রিটে পদ চ্যালেঞ্জ করে একেক জনের বিরুদ্ধে পৃথক রিট নিয়ে আসতে হয়। কিন্তু তারা একই রিটে চারজনকে বিবাদী করেছেন। রিট আবেদন যথাযথ না হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছে।
এর আগে এক আইনজীবীর দায়েরকৃত রিটে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে রুল জারি করেছিলো হাইকোর্ট।