ভারতে ছত্তিশগড়ে মাওবাদীদের চোরাগোপ্তা হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১৩ জওয়ান নিহত হয়েছে। সোমবার জওয়ানরা রাজ্যটির সুকমার প্রত্যন্ত একটি জঙ্গলে টহল দেয়ার সময় এ হামলা হয়।
এ বছর মাওবাদীদের এটিই সবচে বড় হামলা বলে জানিয়েছেন রাজ্যের এক পুলিশ কর্মকর্তা।
মাওবাদীদের আস্তানায় জওয়ানরা হানা দিলে তারা চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে এবং গ্রামবাসীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে অতর্কিতে হামলা চালায়।
গত দু’মাস ধরে এ এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
ছত্তিশগড়ে প্রায়ই মাওবাদী হামলা হয়। গত মার্চেও মাওবাদীরা এ ধরনের একটি হামলা চালায়। এর আগে ২০১৩ সালের মে মাসে সুকমায় কংগ্রেস নেতা ও দলীয় কর্মীদের একটি গাড়িবহরে হামলা চালিয়ে কয়েকজন শীর্ষ রাজনীতিবিদসহ ২৭ জনকে হত্যা করে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী বিদ্রোহী তৎপরতাকে দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীন হুমকি বলে বর্ণনা করেছিলেন। বিডিনিউজ।