মায়ের কবরের পাশে সমাহিত জগলুল আহমেদ

বাসসের সাবেক প্রধান সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরীকে সমাহিত করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে আজিমপুর নতুন কবরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাদ আছর তার দ্বিতীয় জানাজা এবং বাদ জোহর বনানী জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন।

সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর চিকিত্সায় অবহেলার কারণে পান্থপথের ‘মোহনা হাসপাতালে’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল হাসপাতালটি পরিদর্শন করে পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়। অপরদিকে জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর কারণ নির্ধারণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নে ৫ সদস্যের তদন্ত কমিটি আজ মঙ্গলবারের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। বিআরটিএ পরিচালক (প্রশাসন) মশিউর রহমানকে প্রধান করে গত রবিবার ঐ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ট্রাফিক পুলিশের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ নাহমাদুল হাসান ও ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) ট্রাফিক কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। গত শনিবার রাত ৮টার দিকে কাওরান বাজারে বাস থেকে পড়ে গিয়ে মারা যান সাংবাদিক, কলামিস্ট ও আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী।
জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন
গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মরদেহ নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। তাকে শেষবারের মতো দেখার জন্য সাংবাদিক ও পেশাজীবীরা সেখানে উপস্থিত হন। সেখানে দ্বিতীয় দফা জানাজার আগে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও জগলুল আহমেদ চৌধুরীর একমাত্র ছেলে নাবিল আহমেদ চৌধুরী তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনার পর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জীব চক্রবর্তী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভুঁইয়া, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের অপর অংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ প্রমুখ। এছাড়া বাসস, প্রেসক্লাব পরিবার, ডিক্যাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এ জানাজায় আরো অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী, মুজাহিদুল ইসলাম সেলিম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আব্দুল হাই শিকদার, রহুল আমিন গাজী, শেখ কাইয়ূম, ইলিয়াস হোসেন, ছড়াকার আবু সালেহ প্রমুখ। জানাজা শেষে তার মরদেহ আজিমপুর কবরস্থানে তার মায়ের কবরের পাশে শায়িত করার জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে উত্তরা ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের তার মৃত্যুতে গতকাল গণমাধ্যমগুলোতে একটি শোক বার্তা পাঠিয়েছেন।
মোহনা হাসপাতালের কার্যক্রম বন্ধ

খ্যাতিমান সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর চিকিত্সায় অবহেলার কারণে পান্থপথের মোহনা হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোশাররফ হোসেন এবং অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের নেতৃত্বে তদন্ত কমিটি গতকাল হাসপাতাল পরিদর্শন করে দেখতে পায়, কোনরকম অনুমোদন ছাড়াই হাসপাতাল চালাচ্ছিল মোহনা কর্তৃপক্ষ। ডায়াগনস্টিক সেন্টার চালানোর অনুমতি পেলেও হাসপাতালের কার্যক্রম চালানোর কোন লাইসেন্স তারা পরিদর্শন দলকে দেখাতে পারেনি। তাত্ক্ষণিকভাবে তাদের হাসপাতাল বন্ধ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেখানে ভর্তি হওয়া রোগীদের অন্য হাসপাতালে প্রেরণ করার নির্দেশও দেয়া হয়েছে।