আন্দোলন ও নির্বাচন ছাড়া জামায়াতের সঙ্গে সম্পর্ক নেই: খালেদা জিয়া

 
 
 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জামায়াতের সঙ্গে আমাদের আন্দোলন ও নির্বাচনী ঐক্য ছাড়া সেরকম কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ সবসময় মিথ্যাচার করে যে, যুদ্ধাপরাধীর হাতে বিএনপি নাকি পতাকা তুলে দিয়েছে। ১৯৮৬ সালে আওয়ামী লীগই জামায়াতকে সঙ্গে নিয়ে স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়কের দাবিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। গতকাল সোমবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক উলফাত প্রমুখ।
সম্প্রতি ঢাকা সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী দেশাইকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন,বিএনপিকে গালি দিতে দিতে তাদের অভ্যাস হয়ে গেছে। তারা কাউকেই সম্মান দিতে জানে না। বেশ কয়েকদিন আগে মতিয়া চৌধুরীও বিশ্বব্যাংক নিয়ে কটূক্তি করেছিলেন।
খালেদা জিয়া বলেন, যেখানে বিএনপির জন সমর্থন বেশি সেখানে আওয়ামী লীগ কোনো উন্নয়ন করছে না। তাই এর বিরুদ্ধে দেশবাসিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।তিনি আরো  বলেন, বিএনপি নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করে আসছে বহুবার। কারণ আওয়ামী লীগের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। বেগম জিয়া বলেন, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারা অবৈধ। তাই ক্ষমতার জোরে সংবিধানের দোহাই দিয়ে যত আইন-কানুন তৈরি করুক না কেন তার কোনো কিছুই বৈধ নয়। বিএনপি ক্ষমতায় আসলে এগুলো বাতিল করা হবে। তিনি বলেন, দেশে এখন আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র নেই। ছাত্রলীগ ও যুবলীগ অস্ত্র হাতে ঘুরে বেড়ালেও প্রশাসন নিশ্চুপ থাকে। এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নেই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সমর্থক দল হলেও তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি করেছে। খালেদা জিয়া বলেন, সেনাবাহিনীতে এখন নিরপেক্ষদের প্রমোশন হচ্ছে না। যারা তাদের (ক্ষমতাসীন দলের অনুগত) লোক কেবল তাদেরকেই প্রমোশন হচ্ছে।