সাগর-রুনি হত্যা মামলায় তানভিরের জামিন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার আসামি মো. তানভীর রহমানকে অন্তবর্তিকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
তানভীরের পক্ষে অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এ ঘটনায় পরদিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম। এই মামলায় তানভীরকে গ্রেফতার করা হয়। ছেলেকে ‘বিনা-বিচারে’ আটকে রাখার অভিযোগ এনে গত ৯ ফেব্রুয়ারি তানভীরের বাবা মাহবুবুর রহমান জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেন।
সেই আবেদন বিবেচনায় নিয়েই কমিশন ও এর চেয়ারম্যান ড. মিজানুর রহমান গত ১৩ জুলাই তানভীরের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন।
এতে তানভীরের জামিন চাওয়া হয়। পরে বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়।
নিম্ন আদালতের জামিন খারিজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টের ফৌজদারি মোশন বেঞ্চে আবেদন করতে বলেন। এরপর তানভীরের জামিন চেয়ে আবেদন করা হয়।
গত ২ সেপ্টেম্বর বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ওই জামিন আবেদন ফিরিয়ে দেয়।
এরপর  হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ শুনানি শেষে তানভীরের জামিন মঞ্জুর করে। অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ বলেন, আদালত তানভীরের জামিন মঞ্জুরের পাশাপাশি ও রুল জারি করেছে। এর ফলে তার কারা মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।