যুক্তরাষ্ট্রে পুলিশ সদস্যদের আরো বেশি পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহারের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ওবামা বলেন, টহলে থাকার সময় আরো ৫০ হাজার পুলিশ সদস্যরা যেন একটি ছোট ভিডিও ক্যামেরা পরিধান করতে পারেন, সেজন্যে তিনি সাড়ে সাত কোটি ডলার বরাদ্দ করবেন।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন পুলিশের গুলিতে নিহত হন। ঐ পুলিশকে অভিযুক্ত না করার সিদ্ধান্তের পরিপ্রেেিত নতুন করে ফার্গুসনে সহিংস প্রতিবাদের পর ওবামা এই আহ্বান জানালেন।
পরিধানযোগ্য এসব ক্যামেরার মাধ্যমে পুলিশ এবং সাধারণ মানুষের মাঝে সংঘর্ষের ঘটনার প্রমাণ পাওয়া যাবে, বিশেষ করে ফার্গুসনের মতো বিতর্কিত ঘটনাগুলিতে।
পুলিশের ওপর আস্থা ফিরিয়ে আনার জন্য আগামী তিন বছরব্যাপী সাড়ে ২২ কোটি ডলারের একটি প্রকল্পেরও প্রস্তাব করেন বারাক ওবামা। এই প্রস্তাবটি অর্থায়নের জন্য তিনি কংগ্রেসের প্রতিও আহ্বান জানান।