‘হারামজাদা’ নিয়ে বিতর্ক

 ‘হারামজাদা’ অর্থ পাপের সন্তান। সেই শব্দটি নিয়ে এখন ভারতের পার্লামেন্টে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে। আর এর উত্পত্তি ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের একজন প্রতিমন্ত্রী! দেশটির খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি গত সোমবার রাতে দিল্লিতে এক জনসভায়নিজ দল বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোকে হারামাজাদার সঙ্গে তুলনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা দিল্লিতে রামজাদের (অর্থাত্ রামের সন্তানদের) সরকার চান, না কি হারামজাদের (অর্থাত্ পাপের সন্তানদের) সরকার চান সেটা আপনাদেরই স্থির করতে হবে। এই মন্তব্য করে প্রতিমন্ত্রী বিরোধী এমনকি নিজ দলেও তুমুল আক্রমণের মুখে পড়েছেন। বিরোধী দলগুলো তার বহিস্কার দাবি করেছে। টিভি চ্যানেল আর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রতিমন্ত্রীর এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হয়। সন্ন্যাসিনী মন্ত্রী কিন্তু তারপরও ভুল স্বীকার করেননি। তিনি বলেছেন, ভারতে ‘রামজাদে’ বলতে সব ভারতবাসীকেই বোঝায়। কারণ এদেশে হিন্দুরা তো বটেই- খ্রিস্টান, মুসলিমরাও রামেরই সন্তান। যারা তার মানে বুঝতে পারেন না তাদের ভারতের ওপরই কোনো বিশ্বাস নেই। কিন্ত তার এই ব্যাখায় চিড়ে ভেজেনি। তার দল এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী মোদী এমপিদের সঙ্গে বৈঠকে সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে কঠোর ভাষায় ভর্ত্সনা করেছেন। এরপর জ্যোতি দু:খ প্রকাশ করেন এবং তার বক্তব্য প্রত্যাহার করেন। তারপরও বিরোধী দলগুলো তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানিয়েছে।- বিবিসি