রাশিয়ার বিরুদ্ধে ফের অবরোধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র

ইউক্রেন ইস্যুতে ফের রাশিয়ার ওপর অবরোধ আরোপের চিন্তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য আগামী সপ্তাহ থেকে ইউরোপের মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এদিকে আগামী বছর রাশিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও রয়টার্সের।

স্টেট ডিপার্টমেন্টের ওই কর্মকর্তা জানান, ইউক্রেনে রুশ বিচ্ছিন্নতাবাদীরা যদি তাদের সহিংসতা বন্ধ না করে তাহলে এই পদক্ষেপ নেয়া হবে। এর আগে যুক্তরাষ্ট্র এবং ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনের অন্তর্ভুক্ত ক্রিমিয়ায় আক্রমণ করা এবং বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দানের জন্য রাশিয়ার আর্থিক, প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে অবরোধ আরোপ করে। বেলজিয়ামের ব্রাসেলস সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকা ওই কর্মকর্তা আরো জানান, অবরোধের সময় আরো বাড়ানোর জন্যও ইইউ রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করা হবে। অন্যদিকে রাশিয়ার আর্থিক উন্নয়ন মন্ত্রণালয় সরকারকে সতর্ক করে দিয়েছে, পশ্চিমা অবরোধের কারণে আগামী বছর দেশটিতে আর্থিক মন্দা দেখা দিতে পারে। মন্ত্রণালয় জানিয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৮ ভাগ কমে যেতে পারে। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, ২০১৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ২ ভাগ বাড়বে।