শেবাচিম শিক্ষার্থীদের সড়ক অবরোধ: পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশত

শিক্ষক ও আবাসন সঙ্কট সমাধান এবং পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠার দাবিতে বুধবার সাড়ে ১১টার দিকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ’র (শেবাচিম) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে স্বর্না মন্ডল, আখি, আদিব, ওবায়দুল, লীরা, কলি, পিষা খলিল গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শেরেবাংলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া জানান, বিভিন্ন দাবিতে কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু তারা তাতে কান না দিলে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে সার্জেন্ট কামরুল, কনস্টেবল বেল্লালসহ তিন জন আহত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ১৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।
প্রসঙ্গত, শিক্ষক ও আবাসন সঙ্কট সমাধান এবং পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে শেবাচিমের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে।