সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি শপিং মলের টয়লেটে হিজাব পরা সন্দেহভাজন একজনের ছুরিকাঘাতে এক মার্কিন নারীর নিহত হওয়ার ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। বুধবার সরকারি সংবাদ মাধ্যম একথা জানায়।
বৌতিক শপিং মলে সোমবারের এ হামলা কেন চালানো হয়েছে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালো বোরখা, হাতমোজা ও নিকাব পরা একজন ৩৭ বছর বয়সী ওই আমেরিকান নারীকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ওই নারী আবুধাবির একটি নার্সারি স্কুলে কাজ করতেন। উল্লেখ্য, সন্দেহভাজন ওই ব্যাক্তির পুরো শরীর ঢাকা থাকায় চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান কর্ণেল রশিদ বৌর্সশেদের বরাত দিয়ে জাতীয় দৈনিক জানায়, ‘লেডিস টয়লেটে তর্কবিতর্কের এক পর্যায়ে ধারালো কিছু দিয়ে ওই মহিলাকে আঘাত করা হয়।’
তিনি বলেন, ‘পুলিশ হামলার কারণ উদঘাটন ও সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা করছে।’
এব্যাপারে মন্তব্য করার জন্য তাৎক্ষনিকভাবে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।